পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের হাওলাদার বাড়ির ১০-১২টি পরিবার দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনযাপন করছে।এলাকায় কোনো গভীর নলকূপ না থাকায় বাধ্য হয়ে পুকুরের পানিতে ফিটকিরি ব্যবহার করে তা পান করতে হচ্ছে স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা যায়, নিরাপদ পানির অভাবে শিশু ও বয়স্কদের মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।বিশেষ করে বর্ষা মৌসুমে পুকুরের পানি দূষিত হয়ে পড়লে স্বাস্থ্যঝুঁকি আরও বৃদ্ধি পায়। বিশুদ্ধ পানির অভাবে গ্রামবাসীর দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ নাসির হাওলাদার বলেন, “আমাদের বাড়িতে প্রায় ১০ থেকে ১২টি পরিবার বসবাস করে।কোনো নলকূপ না থাকায় আমরা পুকুরের পানিতে ফিটকিরি দিয়ে তা ব্যবহার ও পান করি। সরকারের কাছে আমাদের একটাই দাবি, একটি গভীর নলকূপ স্থাপন করে নিরাপদ পানির ব্যবস্থা করা হোক।এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকন মোঃ আবু সাইদ বলেন, “বিষয়টি আমি শুনেছি।দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো।স্থানীয়দের দাবি, জনস্বাস্থ্য ও নিরাপদ পানির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করবে, যাতে এলাকাবাসী বিশুদ্ধ পানির সুবিধা পায় এবং স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্ত থাকতে পারে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

0 মন্তব্যসমূহ