মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাটে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘাটে নোঙর করা দুটি স্পিডবোট নিয়ে গিয়ে মাঝ নদীতে বোট রেখে ইঞ্জিন খুলে পালিয়ে যায়। এ সময় ঘাটের ৭০ বছর বয়সী পাহারাদারকে হাত-পা বেঁধে জিম্মি করে রাখা হয়।বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত দুটি স্পিডবোটের মালিক শিবালয় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল ফকির এবং মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বুলবুল আহমেদ। পরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মাঝ নদী থেকে স্পিডবোট দুটি উদ্ধার করা হলেও ইঞ্জিন দুটি উদ্ধার করা যায়নি।মালিকদের দাবি, লুট হওয়া দুটি ইঞ্জিনের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঁধা অবস্থায় থাকা পাহারাদারকে উদ্ধার করে। শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া ইঞ্জিন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্যসমূহ