লোড হচ্ছে...

পাবনাতে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই ঈশ্বরদীতেপাকা দোকান নির্মাণ।


হাসান ইসলাম স্টাফ রিপোর্টারঃপাবনা জেলা প্রতিনিধিঃ Smtv Media


 
পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ১৪৪ ধারার নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরণকোলা গ্রামের মো. আশরাফ উদ্দিন মিয়ার সঙ্গে একই গ্রামের মো. বাকিয়ার হোসেনের ছেলে মো. মাহাবুল দোকানদার ও তার লোকজনের ৬ দশমিক ৬০ শতক বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমিতে মাহাবুল তার পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।গত ১১ জুন মাহাবুল ওই জমিতে থাকা ঘরবাড়ি সংস্কারের কাজ শুরু করেন। এ অবস্থায় জমিটি নিজের দাবি করে গত ২৫ জুন মো. আশরাফ উদ্দিন মিয়া বাদী হয়ে মাহাবুলের বিরুদ্ধে পাবনা আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। আদালতের নির্দেশে থানা পুলিশ গত ৩০ জুন উভয় পক্ষকে ১৪৪ ধারার নোটিশ জারি করে সেখানে যেকোনো ধরনের নির্মাণকাজ বা শান্তিভঙ্গ নিষিদ্ধ ঘোষণা করে। অভিযোগ উঠেছে, থানা পুলিশের পক্ষ থেকে নোটিশ জারি করা হলেও তা অমান্য করে আজ শনিবার সকাল থেকে মো. মাহাবুল ও তার লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মাণ কাজ শুরু করেন। ১৪৪ ধারা ভঙ্গের খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়ে পরিস্থিতি শান্ত করে।এ ব্যাপারে অভিযুক্ত মাহাবুল বলেন, “এই জমিতে ঘরবাড়ি করে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছি। কিন্তু আশরাফ উদ্দিন মিয়া অবৈধভাবে জায়গার দাবি করে আমাদের হয়রানি করতে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।”ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে যাতে কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ