লোড হচ্ছে...

দিঘলিয়া সংবাদ প্রকাশের পর চন্দনীমহলের ভাঙা সড়ক পরিদর্শনে ইউএনও ও উপজেলা প্রকৌশলী।


জাহিদ হোসেন স্টাফ রিপোর্টারঃ Smtv Media দিঘলিয়া, খুলনা।


খুলনায় সংবাদ প্রকাশের পর খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা ও চলাচল-অযোগ্য সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত ও উপজেলা প্রকৌশলী। সোমবার (১৩ জুলাই) তারা চন্দনীমহল এলাকায় গিয়ে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের চিত্র শুনেন এবং দ্রুত সংস্কারের বিষয়ে আশ্বস্ত করেন। টানা কয়েক দিনের ভারী বর্ষণে চন্দনীমহলের গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে চন্দনীমহল বাজার, খেয়াঘাট, কাটাবন, ভুঁইপাড়া, মালোপাড়া, জেলেপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও জরুরি সেবাবাহী যানবাহনের চালকরা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এ সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।পরিদর্শনকালে ইউএনও সুজন দাস গুপ্ত বলেন, “আমরা দেখব কোন প্রকল্পের মাধ্যমে এই কাজটি করা যায়। সড়কটির সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে। আজই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি উপজেলা প্রকৌশলীকে সড়কটির ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়ন করে কোন প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা সম্ভব, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে টানা বর্ষণে দিঘলিয়া উপজেলার বেলেঘাট এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে খুলনা-৪ আসনের সংসদ সদস্য শেখ আজিজুল বারী হেলালের পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাস গুপ্তের নেতৃত্বে শুকনো খাবার বিতরণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার চন্দনীমহলের ক্ষতিগ্রস্ত সড়কও সরেজমিনে পরিদর্শন করেন তিনি।স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই তাৎক্ষণিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে সংবাদ প্রকাশের পর প্রশাসনের সরেজমিন পরিদর্শনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে জনদুর্ভোগের স্থায়ী সমাধানের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ