জীবনের চলার পথে কিছু শিক্ষক শুধু পাঠ্যবইয়ের পাঠই দেন না, তাঁরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখান, সাহস জোগান এবং ভালো মানুষ হয়ে ওঠার প্রেরণা দেন। আমার জীবনে তেমনই একজন শ্রদ্ধেয় শিক্ষক হলেন ফেরদৌস আক্তার (আলো ম্যাডাম)।চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের সংবাদে আমি যেমন আনন্দিত, তেমনি গর্বিতও। এই সংবাদ শুধু আমার নয়, কলেজের অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর হৃদয়ে আনন্দের অনুরণন সৃষ্টি করেছে।আমি ২০১১–১২ শিক্ষাবর্ষে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ৭১২ রোলের একজন শিক্ষার্থী ছিলাম। সেই সময় আলো ম্যাডাম আমাকে স্নেহভরে "কবি জাহিদ" বলে ডাকতেন। কারণ, আমি বিভিন্ন ব্যক্তিকে নিয়ে নিয়মিত কবিতা লিখতাম এবং আবৃত্তি করতাম। একজন শিক্ষকের মুখে নিজের জন্য এমন স্নেহমাখা সম্বোধন আজও আমার জীবনের অন্যতম মূল্যবান স্মৃতি।আলো ম্যাডাম ছিলেন একজন অসাধারণ শিক্ষক, যিনি প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনাকে বিশ্বাস করতেন। তাঁর স্নেহ, আন্তরিকতা, দিকনির্দেশনা এবং মানবিক আচরণ আজও আমার হৃদয়ে অমলিন হয়ে আছে। তিনি আমাকে শুধু একজন ছাত্র হিসেবে চিনতেন না, বরং আমার স্বপ্ন, আমার প্রতিভা ও আমার আগ্রহকেও মূল্য দিতেন। তাঁর উৎসাহই আমাকে আরও আত্মবিশ্বাসী হতে অনুপ্রাণিত করেছে।আজ তিনি আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন। আমার বিশ্বাস, তাঁর সততা, প্রজ্ঞা, দক্ষতা, নেতৃত্ব এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজকে আরও সমৃদ্ধ করবে। তাঁর নেতৃত্বে এই প্রতিষ্ঠান শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।প্রিয় আলো ম্যাডাম, আপনার এই অর্জন আমাদের সকলের জন্য গর্বের। আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা ও কর্মশক্তি দান করুন। আপনার হাত ধরেই আমাদের প্রাণের প্রতিষ্ঠান আরও আলোকিত হোক, আরও এগিয়ে যাক—এই দোয়া ও প্রত্যাশাই রইল।শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন, প্রিয় আলো ম্যাডাম। আপনার সফল নেতৃত্বে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ আরও গৌরবোজ্জ্বল হয়ে উঠুক। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।
.jpg)
0 মন্তব্যসমূহ