লোড হচ্ছে...

দেশে ফিরলেন শিপলু, রহিমপুরবাসীর ভালোবাসায় সিক্ত; শত শত মোটরসাইকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা।

যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান চৌধুরী শিপলুকে বরণ করে নিয়েছেন তাঁর অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে স্বাগত জানাতে রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা জড়ো হন। শিপলুর আগমন উপলক্ষে রহিমপুরের কালীমন্দির এলাকা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেলে থাকা নেতাকর্মীরা বাঁশি বাজিয়ে ও বিভিন্ন স্লোগান দিতে দিতে তাঁকে নিয়ে রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় সড়কের পাশে উৎসুক মানুষজনকে দাঁড়িয়ে শোভাযাত্রা দেখতে দেখা যায়।


পরে শোভাযাত্রাটি মুন্সিবাজারে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা মুস্তাফিজুর রহমান চৌধুরী শিপলুকে স্বাগত জানান। এ সময় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের সঙ্গে ছবি তোলেন তিনি। মুস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। তিনি ছাত্রদলের সাবেক ‘সোনালী ফসল’, সাবেক থানা যুবদলের সহসাধারণ সম্পাদক এবং সাবেক থানা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ১ নম্বর রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মুন্সিবাজারে আয়োজিত স্বাগত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ বিএনপি নেতা আব্দুল মালিক জব্বার, ১ নম্বর রহিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব শাহরিয়ার চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান কয়েছ, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জুনায়েদ আব্বাসী চৌধুরী দিনার, ১ নম্বর রহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অলিউর রহমান চৌধুরী জইনু, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জুয়েল আহমেদ রানা, ১ নম্বর রহিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান ও সদস্যসচিব নাঈমুর রহমান মুহিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কৃতজ্ঞতা প্রকাশ করে মুস্তাফিজুর রহমান চৌধুরী শিপলু বলেন, ‘আমি বিদেশ থেকে দেশে ফেরার পর আমাকে যেভাবে সম্মান ও ভালোবাসায় বরণ করে নিয়েছেন, তা সত্যিই আমার জন্য অত্যন্ত আনন্দের ও আবেগের। রহিমপুরবাসী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা শত শত মোটরসাইকেল নিয়ে আমাকে যে অভ্যর্থনা জানিয়েছেন, এ ভালোবাসা আমি কখনো ভুলব না। যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং আমাকে সম্মান জানিয়েছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য বড় দায়িত্ব। ভবিষ্যতেও আমি রহিমপুরবাসীর পাশে থেকে কাজ করতে চাই।’ শিপলুর দেশে ফেরাকে কেন্দ্র করে এ স্বাগত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ