জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা দুর্নীতিমুক্ত ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ, দেশপ্রেম ও দায়িত্বশীলতার চর্চা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে খুলনার দিঘলিয়ায় মাধ্যমিক পর্যায়ের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত। সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সততা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।”সভাপতির বক্তব্যে মো. আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়বোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতে বিতর্কের মতো সৃজনশীল আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি দিয়ে কথা বলতে শেখে, অন্যের মতামতকে সম্মান করতে শেখে এবং সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার সাহস অর্জন করে।”তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দুর্নীতিমুক্ত ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদা সুলতানা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, সেনহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোনায়েম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা।প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উপজেলার বারাকপুর মাধ্যমিক বিদ্যালয় ও দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষার্থীরা অংশ নেয়। প্রাণবন্ত যুক্তিতর্কে শিক্ষার্থীরা নিজেদের বক্তব্য, যুক্তি ও বিশ্লেষণী দক্ষতা তুলে ধরে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, আত্মবিশ্বাস, সত্য ও ন্যায়ের চর্চা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয়কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জিনিয়া সুলতানা রিমি।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ