স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি সচল পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলিসহ রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) কৌশলে পালিয়ে যান।রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর নাপিতপাড়া এলাকায় রোজিনা খাতুনের বসতবাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি কাঠের বাটসদৃশ সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এ ঘটনায় রোজিনা খাতুন ও তার পলাতক স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে।গ্রেপ্তার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে। তার স্বামী রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।ডিবি পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। একই সঙ্গে পলাতক রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0 মন্তব্যসমূহ