স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ | রাকিবুল ইসলাম মানিকগঞ্জে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মানিকগঞ্জ বেওথা শিল্পকলা একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মো. দেলোয়ার হোসেন আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মো. আলাউদ্দিন।বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মো. লোকমান হোসেন। এ সময় ফোরামের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দসহ শিক্ষক-কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতা প্রদান এবং বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান ও শিক্ষকদের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, “ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদা নিশ্চিত করে শিক্ষকদের প্রাপ্য সুযোগ-সুবিধা দিতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”সম্মেলনে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

0 মন্তব্যসমূহ