লোড হচ্ছে...

চাঁদপুর পুরানবাজার ১ নম্বর ঘাটে যাত্রী ভোগান্তি, ট্রলারে ওঠানামায় নেই নিরাপদ ব্যবস্থা উঁচু ট্রলারে উঠতে বিপাকে যাত্রীরা, সাঁকো বা সিঁড়ি নির্মাণের দাবি ।


স্টাফ রিপোর্টার, চাঁদপুর চাঁদপুরের পুরানবাজার ১ নম্বর ঘাটে ট্রলারে ওঠানামার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। উঁচু ট্রলারে ওঠার জন্য নেই উপযুক্ত সিঁড়ি কিংবা নিরাপদ সাঁকো। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বয়স্ক ও শারীরিকভাবে অসুবিধায় থাকা মানুষের জন্য ট্রলারে ওঠানামা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে ঘাটের এমন চিত্র দেখা যায়। জাতীয় দৈনিক সময় বায়ান্ন পত্রিকার এক সাংবাদিক ঘাটটির পরিস্থিতি প্রত্যক্ষ করে বিস্ময় প্রকাশ করেন।
চাঁদপুর শহরের পুরানবাজার একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের কাঁচামাল ও বিভিন্ন পণ্য এক জেলা থেকে অন্য জেলায় পরিবহনে নদীপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে যাতায়াতের ক্ষেত্রেও ট্রলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। কিন্তু সেই নৌযানে ওঠানামার জন্য ঘাটে পর্যাপ্ত সুবিধা না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।ঘাটে গিয়ে দেখা যায়, ট্রলারের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সিঁড়ি বা নিরাপদ সংযোগ সাঁকোর ব্যবস্থা নেই। ফলে যাত্রীদের ট্রলারে ওঠা-নামার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও শারীরিকভাবে অসুবিধায় থাকা যাত্রীদের জন্য পরিস্থিতি আরও কঠিন। যথাযথ ব্যবস্থা না থাকলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।এ অবস্থায় চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. সেলিম আখন ও সাধারণ সম্পাদক সুবাস বাবুর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রীদের সুবিধার বিষয়টি তুলে ধরা সংশ্লিষ্টরা। তাঁদের প্রতি দাবি, দ্রুত ঘাটটি পরিদর্শন করে যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য উপযুক্ত সিঁড়ি অথবা মজবুত সাঁকো নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি ঘাটে ন্যূনতম যাত্রীসুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু ঘাটের ব্যবস্থা করলেই দায়িত্ব শেষ হয় না; সেই ঘাট ব্যবহার করে মানুষ যেন নিরাপদে নৌযানে উঠতে ও নামতে পারেন, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন—যাত্রীদের নিরাপদ ওঠানামার ব্যবস্থা ছাড়া এই ঘাটের সুফল সাধারণ মানুষ কীভাবে ভোগ করবেন? তাই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ