জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে খুলনার দিঘলিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে দিঘলিয়া পূজা উদযাপন পরিষদ ও দিঘলিয়া রিপোর্টার্স ক্লাব। যৌথ উদ্যোগে আয়োজিত এ পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোতে উৎসবের সার্বিক পরিবেশ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌমিত্র দত্ত তাঁর ব্যক্তিগত অর্থায়নে প্রতিটি পরিদর্শন করা পূজামণ্ডপে উপহারস্বরূপ অনুদান প্রদান করেন।গত মঙ্গলবার (নবমীর সন্ধ্যায়) প্রথমে সেনহাটি শিববাড়ি কেন্দ্রীয় পূজামন্দির পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরে একে একে একতা যুব সংঘ সার্বজনীন পূজামন্দির, দিঘলিয়া দক্ষিণেশ্বরী পূজামন্দির, কামারগাতী মধ্যমপাড়া সার্বজনীন পূজামন্দির, গোয়ালপাড়া সার্বজনীন পূজামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। উৎসবের আনন্দঘন পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতির এক অনন্য আবহ তৈরি হয়।এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তারক নাথ, সভাপতি সৌমিত্র দত্ত, সুব্রত দত্ত, মজুমদার স্বপন, দিঘলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ আবুল কাসেম, সাধারণ সম্পাদক আবিদ আজাদ, সহসাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক জাহিদ হোসেন এবং ক্লাবের সদস্য হিশান ও আমিনুর মোল্যাসহ অন্যান্যরা।

0 মন্তব্যসমূহ