এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসন থেকে বিনা ভোটে এমপি হওয়া আওয়ামী দলীয় সাবেক মন্ত্রী ও দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (বর্তমানে মৃত) এর পুত্র মাহবুবুর রহমান রুহেল বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি অবৈধ ভাবে দখল করে কারখানা ও অন্যান্য স্থাপনা নির্মাণ এবং পুকুর ভরাট ও সরকারের ১ কোটি ১২ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগ এনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (১৯ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক তাপছির বিল্লাহ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪২৭ ও ৪৪৭ ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।এজাহারে বলা হয়, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর গ্যাসমিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মাহবুবুর রহমান রুহেল পরিবেশবান্ধব সিমেন্ট, বালি ও ব্লক কারখানা স্থাপনের উদ্দেশ্যে মীরসরাইয়ে বাংলাদেশ রেলওয়ের জমি দীর্ঘমেয়াদি লিজ পাওয়ার জন্য আবেদন করেন। পরে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের তদন্ত ও প্রতিবেদনেও জমির পরিমাণ এবং দখলসংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।রেলওয়ের তৎকালীন সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ অহিদুন্নবী ২০১৬ সালের ২৬ ডিসেম্বর সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানটি ৩৭৫ দশমিক ৮৯ শতক জমি লিজের আবেদন করলেও পশ্চিম হিঙ্গুলী মৌজার বিএস ৫১১৯, ৫১২০ ও ৫১০৫ নম্বর দাগে মোট ৩৪২ দশমিক ৮০ শতক রেলভূমি ইতোমধ্যে তাদের দখলে ছিলো।ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লিজ মঞ্জুর হওয়ার আগেই রেলওয়ের জমিতে ৬ হাজার ৪৮৯ বর্গফুটের একটি আধাপাকা কারখানা নির্মাণ করা হয়। পাশাপাশি ৯৯০ বর্গফুট জায়গায় দ্বিতল পাকা অফিস ভবন নির্মাণের কাজ চলছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।দুদক সূত্রে জানা গেছে, প্রধান কার্যালয়ের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এই এজাহার দায়ের করা হয়েছে এবং মামলার তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে ও আইনের আওতায় আনা হবে বলে চট্টগ্রামস্থ দুদক কার্যালয় সূত্র জানায়।

0 মন্তব্যসমূহ