মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্বরন এলাকায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ শাখায় মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী, ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ মার্চ ২০২৬), পবিত্র মাহে রমজানের ২৮ তারিখে যোহর নামাজের পর হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। এতে স্থানীয় মুসল্লি, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাছিত খান এবং দৈনিক আমাদের মাতৃভূমির মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ মারুফ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে মাসব্যাপী কিরাত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মাঝে আনন্দঘন ও আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, কুরআন শিক্ষা মানুষের নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে দ্বীনি শিক্ষায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আয়োজকদের এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ-শান্তি এবং সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এই অঞ্চলে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





-01.jpg)
0 মন্তব্যসমূহ