জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, চাঁদপুরচাঁদপুরের ঐতিহ্যবাহী পুরানবাজার মধুসূদন হরিসভা (এম.এইচ.) উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর কেটে গেছে দীর্ঘ ১০৫ বছর। ১৯২১ সালে যাত্রা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি পুরানবাজারের জনবহুল এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অথচ এত দীর্ঘ পথ পেরিয়েও প্রতিষ্ঠানটি এখনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পায়নি।স্থানীয়দের দাবি, পুরানবাজারের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বিদ্যালয়টির আশপাশে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই। ফলে স্বল্প আয়ের ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটির গুরুত্ব অত্যন্ত বেশি। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রাখা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হলে এলাকার শিক্ষাব্যবস্থায় আরও বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।শুধু ঐতিহ্যই নয়, সাম্প্রতিক ফলাফলও বিদ্যালয়টির শিক্ষার মানের একটি ইতিবাচক চিত্র তুলে ধরছে। এসএসসি-২০২৬ পরীক্ষায় বিদ্যালয়টির পাসের হার ৭৬ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ২ জন পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। এছাড়া অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে; তাদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই দরিদ্র পরিবারের সন্তান। নানা সীমাবদ্ধতার মধ্যেও মেধাবী এসব শিক্ষার্থী পড়াশোনায় ভালো ফলাফল করে আসছে। ফলে বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও সহজ ও নিরাপদ হবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।বিদ্যালয়টির অবকাঠামোগত দিক থেকেও রয়েছে সম্ভাবনা। বিদ্যালয়ের সামনে রয়েছে বড় একটি মাঠ, পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরেও রয়েছে ছোট মাঠ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ তৈরিতে এসব অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা—১০৫ বছরের পুরোনো এই শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও অবদান বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। তাদের দাবি, পুরানবাজারের মতো জনবহুল এলাকায় শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে মধুসূদন হরিসভা (এম.এইচ.) উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের আওতায় আনা হোক।তাদের ভাষায়, শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানটি শুধু একটি বিদ্যালয় নয়—এটি পুরানবাজারের বহু প্রজন্মের শিক্ষা ও স্মৃতির অংশ। তাই বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যালয়টি জাতীয়করণের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

0 মন্তব্যসমূহ