রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাব চত্বরের জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ঝুলে রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। এতে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে।বক্তারা সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের পাশাপাশি সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।মানববন্ধনে বক্তারা আরও বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একটি গণতান্ত্রিক সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশ ব্যাহত হবে। তাই সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

0 মন্তব্যসমূহ