লোড হচ্ছে...

কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিনিয়র শিক্ষক জনাব, মো. ফরিদ মিয়া

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার এ অবস্থিত কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফরিদ মিয়া। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির প্রতি আগ্রহ বাড়ানো এবং নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে তিনি ২০২৪ সাল থেকে নিজ উদ্যোগে সর্বোচ্চ উপস্থিতি থাকা শিক্ষার্থীদের পুরস্কার দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের আগস্ট মাসে শ্রেণির কার্যদিবসগুলোতে সর্বোচ্চ উপস্থিত থাকা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির কক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শ্রেণির কার্যদিবসে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা ১৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা রানী নাথ। এছাড়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি তার শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে পাঠের প্রতি মনোযোগ বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সিনিয়র শিক্ষক মো. ফরিদ মিয়ার দীর্ঘদিনের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
তার এ ধরনের কার্যক্রম অন্য শিক্ষক ও শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা এমন উদ্যোগের জন্য শিক্ষক মো. ফরিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মধ্যে চিপস বিতরণ করা হয়। চিপস পেয়ে শিক্ষার্থীদের আনন্দ আরও বেড়ে যায় এবং পুরো আয়োজনটি তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি আরও বাড়াতে এ ধরনের উৎসাহমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ